আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আবারও আলোচনায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য মুখোমুখি লড়াই। ফুটবল ইতিহাসের দুই মহাতারকা শেষবার ২০২০ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও জুভেন্টাসের ম্যাচে একে অপরের বিপক্ষে খেলেছিলেন।
এরপর দীর্ঘ ছয় বছরে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হননি এই দুই তারকা। ফলে আসন্ন বিশ্বকাপে তাদের পুনরায় মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।
আর্জেন্টিনা ও পর্তুগাল এবার বিশ্বকাপে ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করছে। আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে, আর পর্তুগাল খেলছে গ্রুপ ‘কে’-তে। ফলে নকআউট পর্বেই কেবল তাদের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্ভাব্য সমীকরণ অনুযায়ী, দুই দলই যদি নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান নিয়ে নকআউটে ওঠে এবং পরের ম্যাচগুলো জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তাহলে সেখানেই হতে পারে মেসি–রোনালদো মহারণ।
অন্যদিকে, যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হয়, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা থাকবে না। সে ক্ষেত্রে শেষ ষোলো কিংবা তার আগেই ভিন্ন পথেও যেতে পারে দুই দল।
তবে সবচেয়ে আলোচিত সম্ভাবনা হলো বিশ্বকাপ ফাইনালে তাদের মুখোমুখি হওয়া, যা হলে হবে ফুটবল ইতিহাসের অন্যতম বড় ম্যাচ। অনেক ভক্তই এটিকে মেসি ও রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ দ্বৈরথ হিসেবে দেখছেন।
