একের পর এক চোট ও মাঠের বাইরে থাকার হতাশার মধ্যেও ভক্তদের সুখবর দিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। পারিবারিক এক আয়োজনের মাধ্যমে তিনি ও তার পরিবার জানিয়েছেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি—একটি কন্যাশিশু।
এই সন্তানের আগমনের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন নেইমার। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে নেইমারকে নিয়ে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা থাকলেও চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সান্তোসের হয়ে খেলার সময় পাওয়া গ্রেড-টু কাফ ইনজুরির কারণে তিনি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন।
ব্রাজিল দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ঝুঁকি নিতে চায় না তারা। এজন্য মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের লক্ষ্য, নকআউট পর্বে তাকে শতভাগ ফিট অবস্থায় পাওয়া।
বর্তমানে নেইমার নিয়মিত ফিজিওথেরাপি ও ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। তার দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে ব্রাজিল দল ও কোটি কোটি সমর্থক।
