হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা আবারও নিজেদের করে নিয়েছে ব্রাজিল। এই জয়ের ফলে ফুটবলের সবচেয়ে বড় আসরে সেলেসাওদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্রাজিলের গোলসংখ্যা ছিল ২৩৭। অন্যদিকে জার্মানির ছিল ২৩২। তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় ব্রাজিলের গোলসংখ্যা বেড়ে হয় ২৩৮। একই সময়ে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে জার্মানি তাদের মোট গোলসংখ্যা ২৩৯-এ নিয়ে যায় এবং সাময়িকভাবে ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসে।
তবে দ্বিতীয় ম্যাচেই পরিস্থিতি বদলে দেয় ব্রাজিল। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়ে নিজেদের মোট গোলসংখ্যা ২৪১-এ উন্নীত করে তারা। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় আবারও এককভাবে শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুধু রেকর্ড পুনর্দখলই নয়, হাইতির বিপক্ষে এই জয় ব্রাজিলকে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানেও পৌঁছে দিয়েছে। গোল ব্যবধানে তারা পিছনে ফেলেছে মরক্কোকে।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানি তাদের পরবর্তী ম্যাচ খেলবে আইভরি কোস্টের বিপক্ষে।
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও জার্মানি ছাড়া আর কোনো দল এখনো ২০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি। তালিকার তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২। এরপর রয়েছে ফ্রান্স ও ইতালি, যাদের গোলসংখ্যা যথাক্রমে ১৩৬ ও ১২৮।
