দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা পেল দক্ষিণী সুপারস্টার যশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে এই মেগাবাজেট অ্যাকশন ড্রামা। রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন যশ। তার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে উন্মাদনা ছড়িয়ে পড়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
‘মনস্টার মাইন্ড ক্রিয়েশন’ এবং ভেঙ্কট কে নারায়ণার কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমার ঘোষণা প্রথম আসে ২০২৩ সালে। শুরুতে ২০২৪ সালে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় কাজ শুরুতে দেরি হয়। এরপর একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়।
চলতি বছরের মার্চে মুক্তির পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তা স্থগিত হয়। পরে জুনেও নতুন তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ২৬ আগস্টকেই চূড়ান্ত মুক্তির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। গোয়ার নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘টক্সিক’ মূলত মাদকচক্র, অপরাধ জগৎ এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে তৈরি একটি অ্যাকশন-ড্রামা। নির্মাতাদের দাবি অনুযায়ী, ছবিতে থাকবে তীব্র অ্যাকশন ও আবেগঘন গল্পের সমন্বয়।
ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়, যাতে এটি সর্বভারতীয় দর্শকের কাছে পৌঁছাতে পারে।
সিনেমাটিতে যশের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। হুমা কুরেশি অভিনয় করছেন ‘এলিজাবেথ’ চরিত্রে এবং রুক্মিণী বসন্তকে দেখা যাবে ‘মেলিসা’ চরিত্রে। পাশাপাশি নয়নতারা রয়েছেন একটি শক্তিশালী ভূমিকায়।
