মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

দেশে মাদকসংক্রান্ত মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। বিদ্যমান আদালতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলে মাদক মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকার অনুদান দেওয়া হয়। এর মধ্যে ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সংশোধনী প্রস্তাব সংসদে উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করে। বিপুলসংখ্যক মাদকাসক্তের তুলনায় সরকারি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পর্যাপ্ত নয়। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি এবং আইনি কাঠামো আরও শক্তিশালী করা জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি চিকিৎসা, পুনর্বাসন ও জনসচেতনতা কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে এগিয়ে নিতে হবে।