জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (২৮ জুন) দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে গ্রুপসেরা হিসেবে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়া আফ্রিকার দেশ কেপ ভার্দে।
ম্যাচের শুরু থেকেই জর্ডানের ওপর চাপ সৃষ্টি করে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো।
গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বিপদে পড়ে জর্ডান। ৩০তম মিনিটে বক্সের ভেতরে হুলিয়ান আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নির্ভুল শটে ব্যবধান ২-০ করেন লাওতারো মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। আর্জেন্টিনার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে ২-১ ব্যবধানে দলকে ম্যাচে ফেরান মুসা আল-তামারি।
তবে জর্ডানের আশা বেশি সময় টিকতে দেননি লিওনেল মেসি। ম্যাচের ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা এবার রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে অভিষেক আসরেই চমক দেখানো কেপ ভার্দের। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আফ্রিকার ছোট্ট দেশটি আরেকটি অঘটন ঘটাতে পারে কি না, সেদিকেই এখন ফুটবলপ্রেমীদের নজর।
