২০২৬ ফিফা বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার ঐতিহাসিক সাফল্য উদযাপনে দেশজুড়ে বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। মঙ্গলবার (১ জুলাই) দেশটির সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই বিশেষ ছুটি কার্যকর থাকবে। সোমবার রাতে এক বিশেষ বার্তায় এ ঘোষণা দেন প্রেসিডেন্ট।
সরকারি বিবৃতিতে বলা হয়, জাতীয় ফুটবল দলের এই গৌরবোজ্জ্বল সাফল্য যেন পুরো দেশবাসী একসঙ্গে উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জার্মানির বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে হাজারো ফুটবলপ্রেমী। শুরু হয় বিজয় মিছিল, উদযাপন এবং উৎসবের আমেজ।
কোচ গুস্তাভো আলফারোর অধীনে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো খেললেও বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানিকে বিদায় করে দেওয়া প্যারাগুয়ের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ফুটবল বিশ্লেষকদের মতে, এটি দেশটির ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা সাফল্য।
সরকার আরও জানিয়েছে, দেশটির প্রচলিত আইন অনুযায়ী প্রেসিডেন্ট বছরে সর্বোচ্চ তিনটি বিশেষ সরকারি ছুটি ঘোষণা করতে পারেন। জাতীয় ফুটবল দলের এই অসাধারণ অর্জনকে সম্মান জানাতেই প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা তার সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন।
