এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

শিক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩ লাখ ৩৯৩ জন। এছাড়া রাজশাহী, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাও অংশ নেবেন।

নকল ও অনিয়ম ঠেকাতে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রশ্নপত্র বিতরণ থেকে পরীক্ষা পরিচালনা পর্যন্ত একাধিক নিরাপত্তা স্তর নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদেরও কোনো ইলেকট্রনিক ডিভাইস বহনের অনুমতি থাকবে না।