শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সব ম্যাচ। নাটকীয় লড়াই, টাইব্রেকারের রোমাঞ্চ এবং একাধিক অঘটনের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লাইনআপ। সবচেয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে, যারা টাইব্রেকারে জার্মানিকে বিদায় করেছে। অন্যদিকে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রাউন্ড অব ৩২-এ কানাডা শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারায়। ব্রাজিলও জাপানের বিপক্ষে শেষ দিকে গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। মরক্কো ও নেদারল্যান্ডসের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় আফ্রিকার দলটি।
আর্লিং হলান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। স্পেন ৩-০ গোলে উড়িয়ে দেয় অস্ট্রিয়াকে। অন্যদিকে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেয় পর্তুগাল।
মিশর ও অস্ট্রেলিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মিশর। আর সবচেয়ে বড় অঘটন ঘটে জার্মানি-প্যারাগুয়ে ম্যাচে। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপ থেকে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দেয় প্যারাগুয়ে।
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে ওঠে ফ্রান্স। বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে জয়সূচক গোল করে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারায় বেলজিয়াম।
ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে জয় পায় ইংল্যান্ড। মেক্সিকো ২-০ গোলে হারায় ইকুয়েডরকে। সুইজারল্যান্ড ২-০ ব্যবধানে আলজেরিয়াকে বিদায় করে।
সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অভিষেক বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে দুইবার সমতায় ফিরলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পায় লিওনেল মেসির দল। শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে কলম্বিয়া।
রাউন্ড অব ৩২ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা, জাপান, নেদারল্যান্ডস, আইভরি কোস্ট, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, সেনেগাল, ডিআর কঙ্গো, ইকুয়েডর, আলজেরিয়া, কেপ ভার্দে এবং ঘানা।
রাউন্ড অব ১৬-এর সূচি (বাংলাদেশ সময়):
কানাডা বনাম মরক্কো — ৪ জুলাই, রাত ১১টা (হিউস্টন)
প্যারাগুয়ে বনাম ফ্রান্স — ৫ জুলাই, রাত ৩টা (ফিলাডেলফিয়া)
ব্রাজিল বনাম নরওয়ে — ৬ জুলাই, রাত ২টা (নিউজার্সি)
মেক্সিকো বনাম ইংল্যান্ড — ৬ জুলাই, সকাল ৬টা (মেক্সিকো সিটি)
পর্তুগাল বনাম স্পেন — ৭ জুলাই, রাত ১টা (ডালাস)
যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম — ৭ জুলাই, সকাল ৬টা (সিয়াটল)
আর্জেন্টিনা বনাম মিশর — ৭ জুলাই, রাত ১০টা (আটলান্টা)
সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া — ৮ জুলাই, রাত ২টা (ভ্যানকুভার)
