যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে হলে প্রথমেই ‘হুমকির রাজনীতি’ বন্ধ করতে হবে।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) ১৩ নম্বর ধারায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
আরাঘচি লিখেছেন, ‘হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না।’
একই পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘নিজেদের স্বাক্ষরের প্রতি সম্মান দেখান।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ রাস্তায় নেমেছিলেন। তার ভাষ্য, এই জনসমাগম প্রমাণ করে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিতে ভীত নয়।
তিনি বলেন, ‘লাখো ইরানি আমাদের নেতাকে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। জনগণ কিংবা ইরানের সশস্ত্র বাহিনী—কেউই হুমকিতে বিচলিত নয়।’
সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আব্বাস আরাঘচির এই বক্তব্য দুই দেশের সম্ভাব্য কূটনৈতিক আলোচনা ও ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন করে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।
