অফিসার ক্যাডেট নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন শুরু ১০ জুলাই

অফিসার ক্যাডেট নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন শুরু ১০ জুলাই

চাকরির খবর

অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে যোগ্য চিকিৎসক ও দন্ত চিকিৎসকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুলাই থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পুরুষ ও নারী—উভয় প্রার্থীই আর্মি মেডিক্যাল কোর (এএমসি) এবং আর্মি ডেন্টাল কোর (এডিসি)-এ আবেদন করার সুযোগ পাবেন।

বয়স ও শারীরিক যোগ্যতা ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং ওজন ৫৭ কেজি হতে হবে। নারী প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১.৫২ মিটার এবং ওজন ৪৮ কেজি নির্ধারণ করা হয়েছে। উচ্চতা অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত ওজন থাকলে আবেদন বাতিল হবে।

শিক্ষাগত যোগ্যতা

আর্মি মেডিক্যাল কোর (এএমসি):

সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি।
বিএমএতে যোগদানের আগে ইন্টার্নশিপ সম্পন্ন ও সনদ দাখিল।
এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৯; কোনো পরীক্ষায় জিপিএ ৪.৫০-এর কম গ্রহণযোগ্য নয়।

আর্মি ডেন্টাল কোর (এডিসি):

সরকার স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি।
ইন্টার্নশিপ সম্পন্ন ও সনদ জমা দিতে হবে।
এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৯ এবং কোনো পরীক্ষায় জিপিএ ৪.৫০-এর কম থাকা যাবে না।
আবেদন করতে পারবেন যারা

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

পুরুষ প্রার্থীদের সাধারণত অবিবাহিত হতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি যাদের বয়স ২৬ বছরের বেশি হবে, তারা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন। নারী প্রার্থীরা বিবাহিত বা অবিবাহিত—উভয় অবস্থাতেই আবেদন করতে পারবেন।

যারা আবেদন করতে পারবেন না

সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। নির্ধারিত সীমার বাইরে দৃষ্টিশক্তির সমস্যা, দ্বৈত নাগরিকত্ব, গুরুতর ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিংবা আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদানকারীরাও অযোগ্য বিবেচিত হবেন।

আবেদন পদ্ধতি ও ফি

প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ অপশনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি ও অনলাইন নিবন্ধন ফি মিলিয়ে মোট ২ হাজার টাকা জমা দিতে হবে। টেলিটক, ভিসা/মাস্টারকার্ড, বিকাশ, নগদ, রকেট, ট্যাপসহ বিভিন্ন মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে—

লিখিত পরীক্ষা: ১৪ আগস্ট ২০২৬, সকাল ৯টা।
স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬।
আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য চার দিনব্যাপী মূল্যায়ন।
চূড়ান্ত নির্বাচন: মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে নির্বাচিত অফিসার ক্যাডেটরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ২৪ সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করবেন।

প্রশিক্ষণ শেষে বিধি অনুযায়ী কমিশন, বেতন-ভাতা ও অন্যান্য সামরিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। পাশাপাশি সরকারি বাসস্থান, সামরিক হাসপাতালে চিকিৎসা সুবিধা এবং সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের লেখাপড়ার সুযোগসহ বিভিন্ন কল্যাণমূলক সুবিধাও পাবেন নির্বাচিত কর্মকর্তারা।