বিশ্বকাপের সেমিফাইনাল মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে কথার লড়াই। ডালাসে আজ রাতে মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স ও স্পেনের খেলোয়াড়দের মন্তব্যে বাড়ছে ম্যাচের উত্তেজনা।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগেই বলেছিলেন, ‘ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়, বরং তাদেরই আমাদের ভয় পাওয়া উচিত।’ তার এই মন্তব্য ঘিরে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়ামাল নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না। আমরা ইউরোপ চ্যাম্পিয়ন। এটা ফুটবল, এখানে ভয় পাওয়ার কিছু নেই।’
অন্যদিকে ফ্রান্সের অভিজ্ঞ মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও জানিয়ে দিয়েছেন, তারাও কোনো প্রতিপক্ষকে ভয় পান না। তিনি বলেন, ‘সবকিছু ভালোভাবেই চলছে। আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামছি। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর আমরা কাউকেই ভয় পাই না।’
ইয়ামালকে ঘিরে আলাদা কোনো কৌশল নেই বলেও জানান রাবিও। তার ভাষায়, ‘আমরা শুধু ইয়ামালকে নয়, পুরো স্পেন দলকে নিয়েই পরিকল্পনা করছি। তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। বল দখলে রাখা, ছোট জায়গায় আক্রমণ গড়া এবং দলগত সমন্বয়ে তারা অসাধারণ। তাই আমাদের নজর পুরো দলের দিকেই।’
ডালাসের এই মহারণে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের ফাইনালে। ফলে মাঠের লড়াইয়ের আগেই দুই দলের আত্মবিশ্বাসী মন্তব্য সেমিফাইনালের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
