দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩২৯ জন রোগী।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৯ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৭৯ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৬১.২ শতাংশ পুরুষ এবং ৩৮.৮ শতাংশ নারী।
এদিকে, সর্বশেষ একজনের মৃত্যুর ফলে ২০২৬ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
