ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর শহরে একটি ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘন কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েন আশপাশের এলাকার বাসিন্দারা।
বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার দিকে কারুর শহরের ময়লার ভাগাড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ময়লার স্তূপে ছড়িয়ে পড়ে।
আগুন থেকে সৃষ্ট তীব্র উত্তাপ, ঘন ধোঁয়া এবং পোড়া আবর্জনার দুর্গন্ধে পুরো এলাকা ছেয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কারুর সিটি মিউনিসিপাল কর্পোরেশনের মালিকানাধীন ওই ভাগাড়ে কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হবে।
