স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক করে শতাধিক নারীর ব্যক্তিগত ছবি চুরি ও বিক্রির দায়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ২৭ বছর বয়সী কাইল স্বারাকে ৭৬ মাসের (৬ বছরের বেশি) কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তদন্তে জানা যায়, ২০২০ সালের মে থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাইল স্বারা নিজেকে স্ন্যাপচ্যাটের সাপোর্ট টিমের সদস্য পরিচয় দিয়ে ১ হাজার ৫০০–এর বেশি নারীকে ভুয়া বার্তা পাঠান। অ্যাকাউন্ট যাচাইয়ের অজুহাতে তিনি ব্যবহারকারীদের কাছ থেকে নিরাপত্তা কোড (সিকিউরিটি কোড) সংগ্রহ করতেন।
অনেক ব্যবহারকারী বার্তাটি সত্য মনে করে কোড পাঠিয়ে দিলে, সেই তথ্য ব্যবহার করে তিনি অন্তত ৫১৭টি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করেন।
তদন্তে আরও জানা গেছে, এসব অ্যাকাউন্ট থেকে অন্তত ৫৯ জন নারীর ব্যক্তিগত ছবি ডাউনলোড করেন কাইল স্বারা। অভিযোগ অনুযায়ী, তিনি শুধু ছবি সংগ্রহেই থেমে থাকেননি; কিছু ছবি অনলাইনে বিক্রি করেছেন এবং কিছু অন্যদের সঙ্গে শেয়ারও করেছেন।
এছাড়া অর্থের বিনিময়ে অন্যদের হয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক করার কাজও করতেন তিনি।
তদন্তে আরও উঠে এসেছে, এক সাবেক বিশ্ববিদ্যালয় কোচের অনুরোধে কয়েকজন নারীর অ্যাকাউন্ট হ্যাক করে তাদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে দিয়েছিলেন কাইল স্বারা। ওই ঘটনায় সংশ্লিষ্ট কোচও এর আগে আদালতের রায়ে কারাদণ্ড পেয়েছেন।
আদালতে কাইল স্বারা কম্পিউটার জালিয়াতি, পরিচয় চুরি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ স্বীকার করেন। এরপর আদালত তাকে ৭৬ মাসের কারাদণ্ড দেন।
বিশ্লেষকদের মতে, এ রায় অনলাইনে ব্যক্তিগত তথ্য ও ছবি চুরি, অ্যাকাউন্ট হ্যাকিং এবং সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে বিবেচিত হবে।
