ছয়দিন পর আবার ইরানে মার্কিন হামলা

ছয়দিন পর আবার ইরানে মার্কিন হামলা

আন্তর্জাতিক

ছয়দিনের বিরতির পর আবারও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় এ হামলা চালায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, স্থানীয় সময় রাতের দিকে শুরু হওয়া হামলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। হামলার সময় কেশম দ্বীপে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এছাড়া বন্দর আব্বাস, কিশ, আবু মুসা দ্বীপ, খুজেস্তানের আবাদান, ফার্স প্রদেশের কাজেরুন এবং বুশেহর প্রদেশের বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম এই অভিযানকে ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে।

এর একদিন আগে ইরাকে ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বাহিনীর হামলায় অন্তত ২০ জন নিহত হন। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পরদিনই ইরানের অভ্যন্তরে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।