টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ

টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ

জাতীয়

দেশের শিল্পখাতে নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক খবর এসেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পোশাক রপ্তানিতে এখনও শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।

তবে প্রবৃদ্ধির দিক থেকে ভিয়েতনাম এগিয়ে রয়েছে। গত বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বৈশ্বিক বাজারে ভিয়েতনাম দ্রুত এগিয়ে আসছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করছে। তাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রাখতে উৎপাদনে অটোমেশন বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।