নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে এএসআইয়ের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে এএসআইয়ের মরদেহ উদ্ধার

বাংলাদেশ

নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবারের রোলকলে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করতে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় একজনকে পড়ে থাকতে দেখে বিষয়টি ক্যাম্পের অন্য সদস্যদের জানান।

পরে জানালা দিয়ে দেখে এএসআই রুবেল হোসেনকে ওয়াশরুমের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উখিয়া থানা পুলিশের সহায়তায় পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ চিকিৎসা পরীক্ষা ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।