১৭ বছর পর ভেনেজুয়েলা-ইসরায়েলের মধ্যে আবার কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত

১৭ বছর পর ভেনেজুয়েলা-ইসরায়েলের মধ্যে আবার কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত

আন্তর্জাতিক

দীর্ঘ ১৭ বছর পর আবারও একে অপরের দেশে কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা ও ইসরায়েল। মঙ্গলবার (১১ আগস্ট) দুই দেশের সরকার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ভেনেজুয়েলা। এরপর দীর্ঘ সময় দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল কার্যত স্থবির। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে সে সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল দক্ষিণ আমেরিকার দেশটি।

তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এর প্রভাব দেশটির ইরানের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কেও পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভূমিকম্পের পর শুরু হয় আলোচনা ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, জুনে দেশটিতে প্রাণঘাতী ভূমিকম্পের পর ইসরায়েলের একটি মানবিক সহায়তা দল ভেনেজুয়েলা সফর করে।

সফরকালে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। এরপরই উভয় দেশে আবার কনস্যুলার সেবা চালুর বিষয়ে সমঝোতা হয় বলে জানিয়েছে ভেনেজুয়েলার সরকার।

এক বিবৃতিতে কারাকাস বলেছে, ইসরায়েল ও ভেনেজুয়েলার ইহুদি সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কের গুরুত্ব দুই দেশই স্বীকার করে। ভেনেজুয়েলায় বসবাসরত ইহুদি সম্প্রদায় দুই দেশের মধ্যে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভেনেজুয়েলার এই বিবৃতি প্রকাশ করেছে।

ইরানের সঙ্গে সম্পর্কেও পরিবর্তনের ইঙ্গিত

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ইরান। উভয় দেশই তেল উৎপাদনকারী এবং দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

তবে ভেনেজুয়েলা ও ইসরায়েলের মধ্যে কনস্যুলার সেবা পুনরায় চালুর সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্রনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে কারাকাসে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেরও নিন্দা জানিয়েছে ইরান।