প্রথমবার মা হলেন ‘মুসাফির’খ্যাত অভিনেত্রী মারজান জেনিফা

প্রথমবার মা হলেন ‘মুসাফির’খ্যাত অভিনেত্রী মারজান জেনিফা

বিনোদন

প্রথমবারের মতো মা হয়েছেন ‘মুসাফির’খ্যাত অভিনেত্রী মারজান জেনিফা। যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গত ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে ছেলেসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত জেনিফা সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার সুখবরটি নিজেই জানিয়েছেন। এক আবেগঘন পোস্টে তিনি জানান, দীর্ঘ ৩২ ঘণ্টা প্রসববেদনা সহ্য করে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।

জেনিফা লিখেছেন, আলহামদুলিল্লাহ, ১০ আগস্ট রাতে তিনি ‘রাজপুত্রের’ মা হয়েছেন। দীর্ঘ সময়ের প্রসববেদনা, অপেক্ষা, দুশ্চিন্তা ও অশ্রুর পর সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে বুকে জড়িয়ে ধরার মুহূর্তটি তার কাছে অসাধারণ অনুভূতির।

মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, মা হওয়া কতটা ত্যাগ, সাহস, ধৈর্য ও নিঃস্বার্থ ভালোবাসার বিষয়, তা তিনি নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে উপলব্ধি করেছেন। সন্তান জন্মের সময় পাশে থাকা স্বজন, শুভাকাঙ্ক্ষী ও যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

নতুন পরিচয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জেনিফা বলেন, এখন তিনি শুধু একজন নারী নন, একজন মা। আর এই পরিচয়ই তার জীবনের সবচেয়ে সুন্দর, মূল্যবান ও গর্বের পরিচয়।

উল্লেখ্য, ২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মারজান জেনিফার। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এরপর তাকে নিয়মিত সিনেমায় দেখা যায়নি।