যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই সামরিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। প্রয়োজনে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার কথা জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি।
রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভানি বলেন, ভবিষ্যতে তেহরানের সামরিক পদক্ষেপে ‘আক্রমণাত্মক’ বৈশিষ্ট্য দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী তাদের কৌশলে ‘আমূল পরিবর্তন’ আনতে পারে।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির নতুন নিয়োগসংক্রান্ত আদেশের প্রসঙ্গ তুলে জাভানি বলেন, ইরানের সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এর প্রয়োগের ধরন এখন আক্রমণাত্মক হতে পারে। এর মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে আগাম কৌশলগত চমক তৈরি এবং সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করাই লক্ষ্য।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ ১৭ আগস্ট শেষ হওয়ার কথা। তবে এর মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। তেহরান জানিয়েছে, মেয়াদ বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে পাকিস্তানি সূত্রের দাবি, ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে।
ইসলামাবাদের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের সামরিক কৌশল পরিবর্তনের ইঙ্গিত নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
