সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তবে পুলিশের আরও কিছু দায়িত্ব বাকি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও অন্যান্য মহানগর এলাকায় চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।