বিদেশে নারী শ্রমিকদের জরুরি সহায়তায় বিশেষ হটলাইন চালুর প্রস্তাব

বিদেশে নারী শ্রমিকদের জরুরি সহায়তায় বিশেষ হটলাইন চালুর প্রস্তাব

জাতীয়

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শিক্ষা কূটনীতি সেবা জোরদার এবং নারী শ্রমিকদের জরুরি সহায়তার জন্য বিশেষ হটলাইন চালুর প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রস্তাব বাস্তবায়নে সম্মতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরুল আদিব চৌধুরী। কমিটির সদস্যরা বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা ও স্বার্থ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে পরবর্তী বৈঠকে একটি কার্যকর রূপরেখা তৈরির বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতি গভীর আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয় বৈঠকে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনাও কমিটির সামনে উপস্থাপন করা হয়।

মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে কমিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ দেন। বিশেষ করে বিদেশে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা, নারী শ্রমিকদের জরুরি সহায়তা এবং তাদের স্বার্থ রক্ষায় দূতাবাস ও মিশনগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।