হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিপ-ট্র্যাকার কেপলারের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ২০টিরও কম জাহাজ চলাচল করেছে।
কেপলারের তথ্য বলছে, শনিবার (২২ আগস্ট) হরমুজ প্রণালি দিয়ে ১৩টি জাহাজ পার হয়েছে। পরদিন রোববার (২৩ আগস্ট) এই সংখ্যা আরও কমে মাত্র চারটিতে দাঁড়ায়। অর্থাৎ দুই দিনে মোট ১৭টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।
তবে প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা এর চেয়ে কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কারণ, কিছু জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় নিজেদের নোটিফিকেশন ট্রান্সপন্ডার বন্ধ করে রাখতে পারে। ফলে শিপ-ট্র্যাকিং ব্যবস্থায় সব জাহাজের তথ্য নাও দেখা যেতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে বর্তমানে জাহাজ চলাচল সীমিত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক অবরোধ এবং চলমান উত্তেজনার কারণে এই জলপথে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানিবাহী ট্যাঙ্কারের চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে।
হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় দীর্ঘ সময় ধরে জাহাজ চলাচল সীমিত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
