২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সূচি পরিবর্তন করে পরীক্ষা প্রায় দুই মাস পিছিয়ে মার্চে নেওয়া হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে। তবে কোন দিনে কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করবে।
শিক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি, শিক্ষার্থী-অভিভাবকদের মতামতসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মে মাসে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছিল। সে অনুযায়ী পরীক্ষা ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। পরবর্তীতে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।
