নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

বিনোদন

নেপালে নতুন সিনেমার শুটিং করতে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপাল-চীন সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যেই পরিবারের সদস্যরা অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বেগ তৈরি হয়েছে।

খরাজের পরিবারের পক্ষ থেকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছে না। তবে তাঁর ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায় জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন না। তাঁর বাবা ও মা একসঙ্গেই রয়েছেন এবং শারীরিকভাবে তারা ভালো আছেন বলেই পরিবারের ধারণা।

তমোঘ্ন জানান, গতকালও তাঁর মায়ের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ আর যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালের পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে স্থানীয় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেপাল থেকে ফ্লাইট পেতেও সমস্যা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে দ্রুত ফ্লাইট চালু হবে এবং খরাজ মুখোপাধ্যায়সহ পরিবারের সদস্যরা নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন তাঁর ছেলে।

রাসুয়া জেলার এই অঞ্চলটি নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকা। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে সেখানে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।