সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ

সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ

বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় তিনি কিংবা তার গাড়িতে থাকা অন্য কেউ আহত হননি। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরবের নাটাল মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তাসনুভা তিশা। ভৈরব মেঘনা সেতু পার হয়ে নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। পরে পিকআপ ভ্যানটি ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে চলে যায়।

দুর্ঘটনায় তাসনুভা তিশার গাড়ির সামনের বাম্পারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২০৮১৫১। অন্যদিকে, দুর্ঘটনার পর চলে যাওয়া পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ম-১১২৭৯৩ বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে পিকআপ ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় একটি বেকারির সঙ্গে সংশ্লিষ্ট পিকআপ ভ্যানের মালিকপক্ষের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে তাসনুভা তিশার গাড়ির ক্ষয়ক্ষতির জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। লিখিত আপসনামার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর তাসনুভা তিশাসহ গাড়িতে থাকা অন্য যাত্রীরা প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মেহেদি হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯-এর কল পাওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পিকআপ ভ্যানটি আটক করা সম্ভব না হলেও মালিকপক্ষের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও তাসনুভা তিশার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার পর সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।