হোয়াটসঅ্যাপে না পড়েই জানবেন চ্যাটের মূল কথা, এলো নতুন এআই ফিচার

হোয়াটসঅ্যাপে না পড়েই জানবেন চ্যাটের মূল কথা, এলো নতুন এআই ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে প্রতিদিন অসংখ্য মেসেজ আসে। বিশেষ করে গ্রুপ চ্যাটে অল্প সময়ের মধ্যেই শত শত মেসেজ জমে যেতে পারে। ব্যস্ততার কারণে সব মেসেজ পড়ে ওঠা অনেকের পক্ষেই সম্ভব হয় না। এবার দীর্ঘ চ্যাটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত জানতে কাজে লাগানো যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে এমন একটি সুবিধা যুক্ত হয়েছে, যার মাধ্যমে মেটা এআই ব্যবহার করে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের অপঠিত মেসেজের সংক্ষিপ্তসার তৈরি করা যায়।

ফলে দীর্ঘ কথোপকথনের প্রতিটি মেসেজ আলাদাভাবে না পড়েও চ্যাটে কী নিয়ে আলোচনা হয়েছে, তার মূল বিষয়গুলো দ্রুত জানা সম্ভব হবে।

কীভাবে কাজ করবে এই সুবিধা?

কোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে অনেক অপঠিত মেসেজ জমে থাকলে এআই সেগুলোর সারাংশ তৈরি করতে পারবে। ব্যস্ততা, ক্লাস বা কাজের কারণে দীর্ঘ সময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারলে সুবিধাটি বিশেষভাবে কাজে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে এআই দিয়ে মেসেজের সারাংশ দেখবেন যেভাবে

১. প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. যে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে অনেক অপঠিত মেসেজ রয়েছে, সেটি নির্বাচন করুন।

৩. অপঠিত মেসেজের ওপরে থাকা ‘Unread messages’ অপশনে ট্যাপ করুন।

৪. এরপর নতুন একটি স্ক্রিনে সুবিধাটির শর্ত দেখানো হলে তা পড়ে ‘Continue’ অপশনে ট্যাপ করুন।

৫. কয়েক সেকেন্ড অপেক্ষা করলে হোয়াটসঅ্যাপ ওই চ্যাটের অপঠিত মেসেজগুলোর একটি সংক্ষিপ্তসার তৈরি করবে।

৬. তৈরি করা সারাংশে কোনো সমস্যা মনে হলে সেটি সম্পর্কে ফিডব্যাক দেওয়ার সুযোগও রয়েছে।

এআই চ্যাট সারাংশের সুবিধা কী?

এই সুবিধার সবচেয়ে বড় সুবিধা হলো দীর্ঘ কথোপকথনের মূল বিষয় অল্প সময়ে বুঝে নেওয়া। কোনো গ্রুপে একসঙ্গে অনেক সদস্য মেসেজ পাঠালেও সব মেসেজ আলাদাভাবে পড়ার প্রয়োজন কমে যাবে।

এ ছাড়া কোন মেসেজ গুরুত্বপূর্ণ এবং কোনটির উত্তর আগে দেওয়া দরকার, সেটিও দ্রুত বুঝে নেওয়া সম্ভব হতে পারে। অপ্রয়োজনীয় বা প্রচারমূলক মেসেজ আলাদা করে চিহ্নিত করতেও সুবিধাটি কাজে আসতে পারে।

ব্যক্তিগত চ্যাট কতটা নিরাপদ? হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এআই দিয়ে চ্যাটের সারাংশ তৈরির ক্ষেত্রে প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়। মেটার দাবি, এই প্রক্রিয়ায় ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়।

তবে এআই তৈরি করা সারাংশ সবসময় শতভাগ নির্ভুল নাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্য, সিদ্ধান্ত বা সংবেদনশীল কোনো বিষয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন হলে মূল মেসেজ পড়ে নেওয়াই নিরাপদ।

নতুন এই সুবিধার ফলে দীর্ঘ হোয়াটসঅ্যাপ চ্যাট দ্রুত বুঝে নেওয়া এবং গুরুত্বপূর্ণ মেসেজ বাছাই করা ব্যবহারকারীদের জন্য আরও সহজ হতে পারে।