নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটিতে শিক্ষক ও শিক্ষার্থীদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নেপালের শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে। একই সঙ্গে দুই শতাধিক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায় অবস্থিত। এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত।
বন্যার পানিতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। আবার কিছু স্কুলের ভবন ও স্থাপনা মাটির নিচে চাপা পড়েছে।
একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে শিক্ষার্থী বহনকারী একটি বাসও ভেসে গেছে। এতে ওই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
