২০২৭ বিশ্বকাপ সামনে রেখে রোহিত-কোহলিদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বৈঠকে ভারত

২০২৭ বিশ্বকাপ সামনে রেখে রোহিত-কোহলিদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বৈঠকে ভারত

খেলাধুলা

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোডম্যাপ তৈরি করতে ভারতের অভিজ্ঞ তিন ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে নির্বাচকদের মধ্যে বড় ধরনের সংশয় নেই। তবে আলোচনার মূল কেন্দ্রে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

সম্প্রতি গুঞ্জন ছড়ায়, নির্বাচক কমিটির একজন সদস্য রোহিতকে জানিয়েছিলেন যে তারা ধীরে ধীরে নতুন প্রজন্মের ক্রিকেটারদের দিকে এগিয়ে যেতে চান। এ ঘটনায় রোহিত কিছুটা অসন্তুষ্ট হয়েছিলেন বলেও আলোচনা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তার অবসর নিয়েও জোর আলোচনা শুরু হয়েছিল।

তবে লর্ডসে সিরিজের শেষ ওয়ানডেতে রোহিতের দুর্দান্ত ১৩৮ রানের ইনিংস সেই সম্ভাবনাকে আপাতত অনেকটাই পেছনে ঠেলে দিয়েছে। তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের পর ২০২৭ বিশ্বকাপে তাকে রাখা হবে কি না, সেই প্রশ্নটি নতুন করে গুরুত্ব পেয়েছে।

রোহিতের অভিজ্ঞতার গুরুত্বের কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জন্টি রোডসও। সম্প্রতি জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৭ বিশ্বকাপে ভারতীয় দলের জন্য রোহিতের অভিজ্ঞতা বড় সম্পদ হতে পারে। একই সঙ্গে বিরাট কোহলির জয়ের ক্ষুধা তাকে এখনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ধরে রাখে বলেও মন্তব্য করেন তিনি।

রোহিতের প্রসঙ্গে রোডস বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে অভিজ্ঞতার মূল্য অনেক সময় দল নির্বাচনের সময় যথাযথভাবে বিবেচনা করা হয় না। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে সাধারণত প্রতিভা, সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা একটি ভালো মৌসুমকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

তার মতে, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মানসিক চাপ অত্যন্ত বেশি থাকে। এমন পরিস্থিতিতে শুধু শারীরিকভাবে ফিট থাকলেই হয় না, চাপ সামলানোর মতো মানসিক দৃঢ়তাও প্রয়োজন। আর সেই জায়গায় বিশ্বকাপ খেলার দীর্ঘ অভিজ্ঞতা থাকা রোহিত শর্মার মতো একজন ক্রিকেটার দলের জন্য অমূল্য সম্পদ হতে পারেন।

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে ভারতের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য তৈরি করা। রোহিত, কোহলি ও জাদেজার মতো অভিজ্ঞদের ধরে রেখে নতুন প্রজন্মকে কীভাবে ধীরে ধীরে দলের মূল কাঠামোয় আনা হবে, বৃহস্পতিবারের বৈঠকে সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।