টাইপ নয়, এবার বললেই কাজ! জিমেইল-ডকসে জেমিনির নতুন ফিচার

টাইপ নয়, এবার বললেই কাজ! জিমেইল-ডকসে জেমিনির নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি

টাইপ করার ঝামেলা কমিয়ে এবার শুধু মুখের কথায় জিমেইল, গুগল ডকস ও গুগল কিপে বিভিন্ন কাজ করার সুবিধা আনছে গুগল। ব্যবহারকারীর মৌখিক নির্দেশ বুঝে ই-মেইল থেকে তথ্য খুঁজে দেওয়া, নথি তৈরি করা কিংবা এলোমেলো তথ্যকে গোছানো নোটে পরিণত করতে পারবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গুগল সম্প্রতি ওয়ার্কস্পেসে তিনটি নতুন কণ্ঠভিত্তিক সুবিধা চালু করেছে। এগুলো হলো জিমেইল লাইভ, ডকস লাইভ ও কিপ লাইভ। এসব সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা টাইপ না করেই জেমিনির সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

কথা বলেই খুঁজে পাওয়া যাবে ই-মেইলের তথ্য জিমেইল লাইভ ব্যবহারে ইনবক্সে থাকা তথ্য খুঁজতে দীর্ঘ ই-মেইল বা বার্তার ধারাবাহিকতা ঘেঁটে দেখার প্রয়োজন হবে না। ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করলেই জেমিনি ইনবক্স থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে উত্তর দিতে পারবে।

যেমন, কেউ বিমানের গেট নম্বর জানতে চাইলে কিংবা সন্তানের স্কুলসংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বার্তা এ সপ্তাহে এসেছে কি না জানতে চাইলে জেমিনি সংশ্লিষ্ট ই-মেইল খুঁজে তথ্য জানাতে পারবে।

একই কথোপকথনে পরপর একাধিক প্রশ্নও করা যাবে। ফলে প্রতিবার নতুন করে পুরো বিষয়টি ব্যাখ্যা করার প্রয়োজন হবে না।

মুখে বললেই তৈরি হবে নথি লেখালেখির কাজ সহজ করতে ডকস লাইভকে কণ্ঠভিত্তিক সহকারী হিসেবে ব্যবহার করা যাবে। কোনো বিষয়ে অনেক ভাবনা থাকলেও কোথা থেকে লেখা শুরু করবেন বুঝতে না পারলে, ব্যবহারকারী শুধু নিজের কথাগুলো বলে যেতে পারবেন।

জেমিনি সেই কথাগুলো বিশ্লেষণ করে গুছিয়ে একটি কাঠামোবদ্ধ নথির খসড়া তৈরি করতে পারবে। প্রয়োজনে লেখার ধরন ও ভাষার ভঙ্গিও পরিবর্তন করা যাবে।

ব্যবহারকারীর অনুমতি থাকলে ডকস লাইভ জিমেইল, গুগল ড্রাইভ, গুগল চ্যাট ও ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য নিয়ে নথি তৈরিতে সহায়তা করতে পারবে।

এলোমেলো কথাও হবে গোছানো নোট গুগল কিপেও যুক্ত হয়েছে কণ্ঠভিত্তিক সুবিধা। কিপ লাইভের মাধ্যমে মাথায় আসা কোনো ভাবনা বা প্রয়োজনীয় তথ্য মুখে বললেই জেমিনি সেটিকে গোছানো নোট, তালিকা কিংবা করণীয় কাজে রূপ দিতে পারবে।

ফলে বাজারের তালিকা, দৈনন্দিন কাজের তালিকা কিংবা হঠাৎ মনে আসা কোনো ধারণা লিখে রাখার প্রয়োজন কমে যাবে। ব্যবহারকারী শুধু তথ্যগুলো বলে দিলেই সেগুলোকে সংগঠিত নোটে সাজিয়ে দিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

কারা ব্যবহার করতে পারবেন? গুগল জানিয়েছে, নতুন কণ্ঠভিত্তিক সুবিধাগুলো ধাপে ধাপে চালু করা হচ্ছে। জিমেইল লাইভ গুগল এআই প্লাস, প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ডকস লাইভ ও কিপ লাইভ ব্যবহারের জন্য গুগল এআই প্রো বা আল্ট্রা গ্রাহক হওয়া প্রয়োজন।

প্রাথমিকভাবে এসব সুবিধা মোবাইল যন্ত্রে ইংরেজি ভাষায় চালু করা হচ্ছে। ব্যবসায়িক ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্যও শিগগিরই সুবিধাগুলো চালু করা হবে বলে জানিয়েছে গুগল।

গুগলের এই উদ্যোগে জেমিনির ব্যবহার শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এখন সরাসরি গুগলের বিভিন্ন কাজের অ্যাপের সঙ্গে কথোপকথনের মাধ্যমে কাজ করানোর সুযোগ তৈরি হচ্ছে। ফলে ভবিষ্যতে টাইপ করার পরিবর্তে মুখের নির্দেশে দৈনন্দিন অনেক কাজ করার প্রবণতা আরও বাড়তে পারে।