৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে

জাতীয়

সংযুক্ত আরব আমিরাতে চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল হওয়ার বিষয়টি সরকার অবগত রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সমস্যাটি সমাধানে কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

পোস্টে নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে। বিষয়টি সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

এদিকে ভিসা বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তাদের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে ফেরার পর ভিসা বাতিল হওয়ায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দ্রুত পুনর্বাসনের পাশাপাশি মাসিক সহায়তা ভাতা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান। এ সময় তারা মোট পাঁচটি দাবি তুলে ধরেন।

ভিসা বাতিলের কারণে দেশে আটকে পড়া এসব প্রবাসীর কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত সমস্যাটির সমাধান হবে বলে প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্তরা।