সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় বজ্রপাতের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে কয়েক দফা বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দেখা দিলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে মন্ত্রীর বাসা কিংবা গ্যাস লাইনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। ঘটনার পর গ্যাস লাইনের ওই অংশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
