আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, নিষিদ্ধ ও ধ্বংস হয়ে যাওয়া এই দলের নেতাদের দেশে ফেরার কোনো সুযোগ নেই।
সোমবার সকালে সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, দেশের জনগণ আওয়ামী লীগকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। এমনকি শেখ হাসিনা মারা গেলেও তার মরদেহ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কোনো সদস্য আর অবশিষ্ট নেই।
দেশের চলমান জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তিনি। গ্যাস ও বিদ্যুতের ঘাটতিকে জাতীয় সমস্যা উল্লেখ করে সরকার ও বিরোধী দলগুলোকে সংকট সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খান বলেন, সংকট সমাধানে সহযোগিতা না করে তারা আন্দোলনের নামে অন্য ধরনের কর্মসূচি পালন করছে। তার দাবি, বর্তমান জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিকভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
জ্বালানি সংকটের পাশাপাশি মাঠপর্যায়ে সারসংকট ও কৃষকদের দুর্ভোগ নিয়েও কথা বলেন তিনি। রাশেদ খানের দাবি, দেশে বাস্তবে সারের ঘাটতি নেই। দীর্ঘদিনের সুবিধাভোগী অসাধু ডিলারদের একটি অংশ কৃত্রিমভাবে সার মজুত করে সংকট তৈরি করছে। সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সার সরবরাহের পুরো কাঠামো পুনর্গঠন করবে বলেও জানান তিনি।
একই সঙ্গে সংকটের সময়ে কৃষকদের কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
এর আগে সকাল ১০টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদ খান। সভায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
