জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন নিউইয়র্কের ম্যানহাটনে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং এতে বাংলাদেশের মানুষের আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা তুলে ধরবেন।

এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ। এর মধ্য দিয়ে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিতে যাচ্ছেন।

এবারের সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো—‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রী অংশ নেবেন। জাতিসংঘের সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জাতিসংঘের এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করছেন।