নেত্রকোনার এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক মো. এহসানুল হকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও বিষয়টি নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
এর আগে গত ২০ আগস্ট মাদরাসার একটি কক্ষে শিক্ষক এহসানুল হকের সঙ্গে এক নারী শিক্ষার্থীর আপত্তিকর অবস্থানের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটি প্রকাশ্যে আসার পর শিক্ষক এহসানুল হককে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি অনার্স বিভাগের আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ বিষয়ের নন-এমপিওভুক্ত খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
এদিকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
