তৌসিফের সঙ্গে নতুন জুটি নীহা, আসছে ‘ছুঁয়ে দিলাম তোমায়’

তৌসিফের সঙ্গে নতুন জুটি নীহা, আসছে ‘ছুঁয়ে দিলাম তোমায়’

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে সাম্প্রতিক সময়ে পরিচিত মুখের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদের সঙ্গেও জুটি বাঁধতে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নবাগতা নীহা চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তিনি।

বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামার নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’-এ তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন নীহা চৌধুরী। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

নীহা চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও অভিনয়ে তার যাত্রা শুরু হয়েছে সম্প্রতি। এর আগে বিটিভির একটি ধারাবাহিকে অভিনয় করলেও একক নাটকে এবারই প্রথম কাজ করেছেন তিনি।

প্রথম একক নাটকে তৌসিফ মাহবুবের মতো জনপ্রিয় অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে শুরুতে কিছুটা নার্ভাস ছিলেন নীহা। তবে তৌসিফ ও পুরো দলের সহযোগিতায় সেই অস্বস্তি দ্রুত কেটে যায় বলে জানান তিনি।

নীহা বলেন, তৌসিফ মাহবুব তার প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতাপূর্ণ ছিলেন। সংলাপ বলা থেকে শুরু করে দৃশ্য কীভাবে করলে ভালো হবে, সেসব বিষয়ে তিনি সহযোগিতা করেছেন। ফলে অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে কাজ করতে পেরেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত থাকতে চান নীহা। অভিনয়কে পেশা হিসেবে এগিয়ে নিতে প্রাচ্যনাট্যে ছয় মাসের একটি কোর্সও সম্পন্ন করেছেন তিনি।

নতুনদের সঙ্গে কাজের বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, একসময় তিনিও নতুন ছিলেন। তখন সুযোগ না পেলে আজকের অবস্থানে আসতে পারতেন না। তাই নতুনদের জন্য তার সবসময় শুভকামনা থাকবে।

নীহার অভিনয় প্রসঙ্গে তৌসিফ বলেন, মডেলিংয়ের অভিজ্ঞতা থাকায় ক্যামেরার সামনে তার কাজ করা তুলনামূলক সহজ হয়েছে। কোনো কিছু দেখিয়ে দিলে নীহা দ্রুত তা আয়ত্ত করতে পারেন। মনোযোগ দিয়ে কাজ করলে তার মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জে জন্ম নীহা চৌধুরীর। বেড়ে উঠেছেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ২০২৪ সালের শুরুতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নীহা। এরই মধ্যে শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করছেন এই নবাগত।

এদিকে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন তৌসিফ-নীহা জুটি। প্রথমবারের মতো একসঙ্গে তাদের কাজ দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটিই এখন দেখার বিষয়।