ক্ষমতায় থাকা নয়, বরং মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘পাঁচ টাকায় পূজার বাজার’ উদ্যোগের প্রশংসা
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে। এক টাকায় এক ডজন ডিম এবং পাঁচ টাকায় শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের এ উদ্যোগ মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, হিন্দু ধর্মাবলম্বী এবং নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছেন। এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় ধৈর্য ধরার আহ্বান
দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিনের সংকট কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনে সময় প্রয়োজন। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও দেশের অর্থনীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সংকটের সুযোগ নিয়ে অস্থিরতা তৈরি না করে দেশের অর্থনীতি পুনর্গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
ডিএসসিসি প্রশাসকের মতে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাই দেশের অর্থনৈতিক ক্ষতি হয়—এমন কর্মসূচি এড়িয়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। পাঁচ বছর পর জনগণ ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন।
ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকারের ওপর গুরুত্ব
ধর্মীয় সম্প্রীতি এবং সব নাগরিকের সমান অধিকারের বিষয়ে আবদুস সালাম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’
তিনি আরও বলেন, দরিদ্র মানুষ কিংবা কোনো ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে অহেতুক রাজনীতি না করে দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত সাফল্য যেন ব্যর্থ না হয়, সে জন্য সবাইকে সচেতন, সংযমী ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে ডিএসসিসির প্রস্তুতি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন এবং উৎসব উদযাপনের মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন।
