সব বিভাগে ৮টি ক্যা'ন্সা'র হাসপাতাল নির্মাণ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

সব বিভাগে ৮টি ক্যা’ন্সা’র হাসপাতাল নির্মাণ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বাংলাদেশ

আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাতের চেহারা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ ছাড়া দেশের আট বিভাগে আটটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে। ক্যান্সার গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ১৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রতিটি উপজেলা হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যার ব্যবস্থা থাকবে। এসব উদ্যোগের মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।

দেশের ওষুধশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশের ওষুধের ব্যাপক উপস্থিতি তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত বছরগুলোতে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক অব্যবস্থাপনা ও দুর্নীতি তৈরি হয়েছে। তাঁর মতে, এসব সমস্যা দূর করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, একটি সুস্বাস্থ্যের অধিকারী জাতি গড়ে তুলতে না পারলে দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব নয়। তাই স্বাস্থ্যখাতের উন্নয়নকে জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।