অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, ডিসেম্বরের আগে প্রকোপ কমার সম্ভাবনা কম

অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃ’ত্যু, ডিসেম্বরের আগে প্রকোপ কমার সম্ভাবনা কম

দেশ জুড়ে বাংলাদেশ

চলতি বছর বাংলাদেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে অক্টোবরে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের আগে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ অক্টোবর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।

শুধু অক্টোবরেই ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১৪৮। ফলে ২০২৬ সালে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে অক্টোবরে।এদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম ভয়াবহ হামের প্রাদুর্ভাবও মোকাবিলা করছে। এ রোগে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে।

চাপে হাসপাতালগুলো

চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী গুরুতর জটিলতা দেখা দেওয়ার পর হাসপাতালে ভর্তি হচ্ছেন।ঢাকার  সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৭৯ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এক দিনেই নতুন করে ৬৭ জন রোগী ভর্তি হন বলে জানান হাসপাতালটির পরিচালক মির্জা গোলাম সারওয়ার।

তিনি বলেন, ‘আমরা অনেক রোগীকে শক অবস্থায় আসতে দেখছি। তাঁদের রক্তচাপ কখনো কখনো এতটাই কমে যাচ্ছে যে, তা মাপা যাচ্ছে না। তাঁদের রক্তে অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছে।’

মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম আবদুল্লাহ বলেন, ডেঙ্গুতে বারবার আক্রান্ত হওয়া এবং রোগনির্ণয় ও চিকিৎসায় দেরি হওয়ায় গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা বাড়ছে।

তিনি বলেন, ‘যাঁরা আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, তাঁরা আবার আক্রান্ত হলে গুরুতর অসুস্থতার ঝুঁকিতে বেশি থাকতে পারেন।’ মশার প্রজননস্থল ধ্বংস করা এবং উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান এ বি এম আবদুল্লাহ।

বারবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি

ঢাকার ৩৩ বছর বয়সী বাসিন্দা ফয়সাল ফেরদৌস ২০১৭ ও ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। চলতি মাসের শুরুর দিকেও তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ফয়সাল ফেরদৌস বলেন, ‘এবার আমি ও আমার স্ত্রী দুজনেরই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’

তিনি এখন বাসায় থেকে সুস্থ হয়ে উঠছেন। ফয়সাল জানান, তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে অন্য একটি রোগের চিকিৎসার জন্য কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকে ফেরার কিছুদিন পরই তিনি ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন।

ফয়সাল ফেরদৌস বলেন, ‘প্রতিবারই ডেঙ্গু আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা কঠিন ছিল। বারবার আক্রান্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।’ স্বাস্থ্যবিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনই ছড়িয়ে পড়ায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়ছে। এক ধরনের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কেউ অন্য ধরনে আক্রান্ত হলে জটিলতার আশঙ্কা বেড়ে যেতে পারে।

বাংলাদেশে এখনো ডেঙ্গুর টিকা চালু হয়নি। তবে দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ।  জলবায়ু পরিবর্তনে দীর্ঘ হচ্ছে ডেঙ্গুর মৌসুম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, অক্টোবরে ডেঙ্গুতে যে হারে মৃত্যু বেড়েছে, সেই হার অব্যাহত থাকার সম্ভাবনা কম। তবে নভেম্বরে ডেঙ্গুর সংক্রমণ চলতে পারে। তিনি বলেন, কিছুটা স্বস্তি মিললেও নভেম্বরে ডেঙ্গু পুরোপুরি চলে যাওয়ার সম্ভাবনা নেই। সংক্রমণ কিছুটা কমলেও খুব বেশি কমবে না। ডিসেম্বরের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম।

কবিরুল বাশার জানান, আগের বৃষ্টিতে তৈরি হওয়া মশার প্রজননস্থল থেকে বংশবিস্তার চলতে থাকবে। ফলে আবহাওয়া শুষ্ক হয়ে এলেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকতে পারে। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে আংশিকভাবে সম্পর্কিত বৃষ্টি ও আর্দ্রতার ধরনে পরিবর্তনের কারণে মশার প্রজননের মৌসুম দীর্ঘ হচ্ছে। ফলে এডিস মশা আরও দীর্ঘ সময় সক্রিয় থাকছে।