ছাত্রজীবনে কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে কর্মজীবনে এর কোনো প্রভাব থাকা চলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদান করা কর্মকর্তাদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা। এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুচারুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রশাসন, উন্নয়ন, সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে কর্মকর্তাদের কার্যক্রমের ওপর নির্ভর করে।
কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসংগত নির্দেশনা প্রতিপালন করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডার অন্য ক্যাডার সার্ভিসের চেয়ে আলাদা। এ দুটি ক্যাডারের কর্মকর্তাদের অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে হয়। অনেক সময় মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
