শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানি আজ

শাপলা চত্বর হ’ত্যা’কাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানি আজ

জাতীয়

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি আজ রোববার (১ নভেম্বর)।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন গ্রেফতার রয়েছেন। বাকি আসামিরা পলাতক।

এর আগে গত ৭ অক্টোবর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের একজন বিচারক অসুস্থ থাকায় আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার চেয়ে ৫ আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন হেফাজতে ইসলামের নেতারা। পরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৭ জন নিহত হওয়ার তথ্য পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ ঘটনায় তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৪১ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আজকের শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।