নোয়াখালী, কোম্পানীগঞ্জ, সুন্দলপুর সাউথ-১, গ্যাসের সন্ধান, বাপেক্স, গ্যাসের মজুদ, জ্বালানি, বাংলাদেশে গ্যাস

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিসিএফ

জাতীয় দেশ জুড়ে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটির দুটি জোনে মোট ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভোক্তা পর্যায়ের হিসাবে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।

সোমবার বিকেলে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে জানা যাবে।

সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।

বাপেক্স জানায়, প্রতিষ্ঠানটির বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। কূপটির খনন ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত সম্পন্ন করা হয়েছে।

কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে।