রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় দেশ জুড়ে

দেশের তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বিভাগগুলো হলো—রাজশাহী, ঢাকা ও খুলনা। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে বাংলাদেশের তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমবাগানে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত দেওয়া হয়নি। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না।