নিম্নতম মজুরি বোর্ডের সভায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গাজীপুর ও সাভারের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
পুলিশ জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার পর থেকে ন্যায্য মজুরির দাবিতে গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস ও বড়বাড়িসহ কয়েকটি এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে গাজীপুরের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সাভারের হেমায়েতপুর এলাকাতেও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানিয়েছে, সাভার শিল্পাঞ্চলে ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
