ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেব।” মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানিয়েছেন, যথেষ্ট পোলিং এজেন্ট না থাকায় কিছু সমস্যা দেখা দিয়েছে। এছাড়া একটি অভিযোগও এসেছে যে, একজন ভোটারকে দুইটি ব্যালট পেপার দেওয়া হয়েছে।
ভোটগ্রহণের প্রথম ধাপ হিসেবে সকাল ৭টায় প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়। দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার সকাল ৮টায় ডাকসু ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ভোট শুরুর আগ থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটের লাইনে দাঁড়ান। প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন, এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন।
