সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

রাজনীতি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ শনিবার (৪ অক্টোবর) দেশে ফিরছেন। তার আগমনের সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এ তথ্য জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি বলেন, “আজ সন্ধ্যা ৬টায় নুরুল হক নুর সিঙ্গাপুর থেকে বিমানবন্দরে পৌঁছাবেন।”

গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুর। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। নুরের সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল, যিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে ঢাকা মেডিক্যালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরও শারীরিক কিছু জটিলতা দেখা দেয়, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

নুরের দেশে ফেরার খবর রাজনৈতিক মহল ও তার সমর্থকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।