আরব আমিরাতের দুবাইতে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল দুবাই। ৩৭৭ মিটার উচ্চতার এই হোটেল নির্মাণ করেছে দ্য ফার্স্ট গ্রুপ, এবং পরিচালনা করবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ভিগনেট কালেকশন, জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।
হোটেলটিতে রয়েছে ৮২ তলা, যেখানে মোট ১,০৪০টি রুম ও সুইট রাখা হয়েছে। প্রতিটি তলা থেকে দর্শনার্থীরা পাম জুমেইরা ও দুবাই মেরিনার দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে পারবেন।
ভাড়া শুরু হচ্ছে রাত প্রতি ১,৩১০ দিরহাম (প্রায় ৪৫,৫০০ টাকা) থেকে, আর প্রিমিয়াম স্যুইটগুলোর ভাড়া প্রায় ২,৪০০ দিরহাম পর্যন্ত।
হোটেলটি কাচের বিশেষ ডিজাইনে নির্মিত, যাতে প্রাকৃতিক আলো ভবনের ভেতরে প্রবেশ করতে পারে। অতিথিরা উপরের রুফটপ অবজারভেশন ডেকে বসে ৩৬০ ডিগ্রির প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
