ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, ৭-৮ দিনের মধ্যে চার্জশিট : পুলিশ

ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, ৭-৮ দিনের মধ্যে চার্জশিট : পুলিশ

জাতীয়

ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার তদন্ত অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত ছিল বলে জানান ডিএমপি কর্মকর্তা।

ডিএমপি এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আরও জানান, ৭–৮ দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে ফয়সাল করিম মাসুদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী চলন্ত অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

এরপর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। হাদি ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেলে, ২০ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়।