জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানার সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার মামলায় আহতদের খোঁজ না পাওয়ার কারণ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
পিবিআইয়ের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য তথ্য ও ভুক্তভোগীদের অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। ফলে তদন্তের সার্বিক ফলাফলের ভিত্তিতে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ফেব্রুয়ারি।
এই মামলার আসামিদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ মোট ১১৩ জন।
এর আগে গত ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঞাঁ তথ্যগত অসঙ্গতির কথা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। মামলার বিবরণ অনুযায়ী, গত ৪ আগস্ট ধানমন্ডি-২৭ এলাকায় সাহেদ আলীসহ কয়েকজন আহত হন বলে অভিযোগ করা হয়।
তদন্তকালে সীমান্ত স্কয়ার মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ ও আশপাশের হাসপাতালগুলোতে খোঁজ করেও কোনো আহত ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। মামলার বাদী শরীফের দেওয়া ঠিকানা ও পরিচয় যাচাইয়েও অসঙ্গতি পাওয়া যায়। একাধিকবার নোটিশ দেওয়া হলেও ভুক্তভোগী কিংবা চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র হাজির করা হয়নি।
এসব বিষয় বিবেচনায় নিয়ে পিবিআই মামলাটি থেকে শেখ হাসিনাসহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছে।
